শান্তদের হতাশ করে শিরোপা মধ্যাঞ্চলের

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন সাইফও, ৭৮ বলে করেন ৮৭ রান। জয় থেকে তখন ৪৩ রান দূরে মধ্যাঞ্চল। এরপর মাহফিজুল ইসলাম ১৮* ও ইরফান শুক্কুর ১৪ মিলে সেই সমীকরণ মেলান।

নয়া দিগন্ত অনলাইন
বিসিএলের বিজয়ী দল
বিসিএলের বিজয়ী দল |সংগৃহীত

বেশ দাপটের সাথে ফাইনালে উঠেছিল উত্তরাঞ্চল, তবে ফাইনালে আর মধ্যাঞ্চলের সাথে পেরে উঠেনি নাজমুল হোসেন শান্তর দল। ৫ উইকেটের জয়ে শিরোপা মধ্যাঞ্চলের।

বিসিএল ওয়ানডের ফাইনালে মঙ্গলবার মিরপুরে রিপন মণ্ডলের বোলিং তোপে পড়ে উত্তরাঞ্চল। আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে গুটিয়ে যায় ২৩৮ রানে। রিপন নেন ৪১ রানে ৪ উইকেট।

জবাবে ৭২ বল হাতে রেখেই জিতে যায় মধ্যাঞ্চল। ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে। জয়ের নায়ক সাইফ হাসান, ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি।

মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হাবিবুর রহমান সোহানকে (১৭ বলে ৫) হারায় উত্তরাঞ্চল, তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি (২২ বলে ২৩)।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন ইনিংস টেনে নিতে, ৫১ বলে ৩৫ রান করেন তিনি। তবে হাল ধরে রাখেন তাওহীদ হৃদয়। ইনিংসের একদম শেষ পর্যন্ত ব্যাট করেন তিনি।

মাঝে মেহরাব (২৮) ও সাব্বির রহমান ৪৩ বলে করেন ২৪ রান। একপ্রান্ত আগলে রাখা হৃদয় শেষ উইকেট হিসেবে ফেরেন শতক হাতছাড়া হবার আক্ষেপ নিয়ে, ৯৮ বলে ৯৬ করে।

রিপনের ৪ উইকেট ছাড়াও জোড়া উইকেট করে নেন তাসকিন আহমেদ ও রাকিবুল হাসান। ১ উইকেট নেন ম্যাচ সেরা সাইফ হাসান।

রান তাড়ায় জিশান আলম (১৪) দ্রুত ফিরলেও নাইম শেখ ও সাইফ হাসান মিলে গড়েন ১৬৪ রানের জুটি। ২৯ ওভার শেষে নাইম ৮৭ বলে ৭৮ করে ফিরলে ভাঙে জুটি।

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন সাইফও, ৭৮ বলে করেন ৮৭ রান। জয় থেকে তখন ৪৩ রান দূরে মধ্যাঞ্চল। এরপর মাহফিজুল ইসলাম ১৮* ও ইরফান শুক্কুর ১৪ মিলে সেই সমীকরণ মেলান।

নাহিদ রানা ও রিশাদ হোসেন ২ উইকেট করে নিলেও তা যথেষ্ট হয়নি। শিরোপা জেতে মধ্যাঞ্চল।