আরো একটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। পাকস্তান সুপার লিগে (পিএসএল) একমাত্র ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার পিএসএলে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে পেশওয়ার জালমির অধিনায়ক বাবর আজম ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
এ কৃতিত্ব অর্জনকারী তিনিই লিগের প্রথম ব্যাটার। এই কৃতিত্ব অর্জন করতে বাবর তিনটি দল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন।
বাবর আজম এখন পর্যন্ত পিএসএলে ১০৫টি ম্যাচ খেলেছেন, যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩৭টি অর্ধশতক।
এ ছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি জুটিরও যৌথ রেকর্ড গড়েছেন তিনি। বাবর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৬টি সেঞ্চুরি জুটি গড়েছেন। ভারতের বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সাথে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
ক্রিস গেইল ৪৫৫ ইনিংসে এবং বিরাট কোহলি ৪০০ ইনিংসে ৪৬টি সেঞ্চুরি জুটি করেছিলেন, যেখানে বাবর আজম মাত্র ৩৩৯ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করেছেন।



