পিএসএল

রিশাদের ব্যর্থতার ম্যাচে হারল রাওয়ালপিন্ডিজ

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেল ও স্যাম বিলিংসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান তোলে রাওয়ালপিন্ডিজ। মিচেল ৪১ বলে ৬৫ এবং বিলিংস ৩৫ বলে ৫৮ রান করেন।

নয়া দিগন্ত অনলাইন
টানা দ্বিতীয় হারের লজ্জা পেল রাওয়ালপিন্ডিজ
টানা দ্বিতীয় হারের লজ্জা পেল রাওয়ালপিন্ডিজ |সংগৃহীত

বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের ব্যর্থতার ম্যাচে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় হারের লজ্জা পেল রাওয়ালপিন্ডিজ।

গতরাতে চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হারে রাওয়ালপিন্ডিজ। ব্যাট হাতে ১ বল খেলার সুযোগ পেলেও, রানের খাতা খুলতে পারেননি রিশাদ। পরে বল হাতে ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেল ও স্যাম বিলিংসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান তোলে রাওয়ালপিন্ডিজ। মিচেল ৪১ বলে ৬৫ এবং বিলিংস ৩৫ বলে ৫৮ রান করেন।

আট নম্বরে ব্যাট হাতে নেমে ১ বল খেলে রান করতে পারেননি রিশাদ।

জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও আজম খানের হাফ-সেঞ্চুরিতে ৪ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় করাচি। ওয়ার্নার ৩৬ বলে ৫০ রানে খেলেন। তবে বিধ্বংসী ইনিংসে দলের জয়ে বড় অবদান রাখেন আজম। ২১৭ স্ট্রাইক রেটে ছয়টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৭৪ রান করে ম্যাচ সেরা হন এই ডান-হাতি ব্যাটার।

করাচির ইনিংসের অষ্টম ওভারে প্রথম বোলিংয়ে এসে ৭ রান দেন রিশাদ। পরের ওভারে দেন ৫ রান।

প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করলেও পরের দুই ওভারে খরুচে হয়ে যান রিশাদ। তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে- ১০ ও ১৬ রান দেন তিনি। ফলে ৯ দশমিক ৫০ ইকোনমিতে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়েও উইকেটশূন্য থাকেন তিনি।

রাওয়ালপিন্ডিজের হয়ে নিজের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভার বল করে ৩৫ রান খরচ করে ১ উইকেট শিকার করেছিলেন রিশাদ। বাসস