পিএসএলে ডাক পেলেন শরিফুল, খেলবেন পেশওয়ারের হয়ে

বাঁ-হাতি এই পেসার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিলামে দল না পেলেও টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগে সরাসরি চুক্তিতে সুযোগ পেয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম |সংগৃহীত

পাকিস্তান সিরিজটা বেঞ্চে বসে কাটাতে হয়েছে শরিফুল ইসলামকে। একাদশে সুযোগ না পেলেও সুখবর পেয়েছেন এই টাইগার পেসার। পিএসএলে ডাক পেয়েছেন তিনি।

বাঁ-হাতি এই পেসার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিলামে দল না পেলেও টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগে সরাসরি চুক্তিতে সুযোগ পেয়েছেন তিনি।

আসন্ন আসরে পেশওয়ার জালমির জার্সিতে দেখা যাবে ২৪ বছর বয়সী এই পেসারকে।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শরিফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তুলতে রাখেন অবদান।

গতি, সুইং ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ১২ ইনিংসে ৫.৮৪ ইকনোমি রেটে নিয়েছেন ২৬ উইকেট। যা বিপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড।

দারুণ এই রেকর্ড গড়ার পথে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

যা নজর কেড়েছে পেশওয়ার জালমির। তাই আসর শুরুর আগে হঠাৎ শরিফুলকে দলে টেনেছে তারা।

একই দলের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন। গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন তিনি।

নাহিদ ও শরিফুল ছাড়াও পিএসএলের আগামী মৌসুমে খেলবেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ ইমন। নিলামের আগেই ছয় কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

একই দলের হয়ে খেলবেন পারভেজ ইমন। নিলাম থেকে তাকে নিতে খরচ ৬০ লাখ রুপি। এছাড়া তিন কোটি রুপিতে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।