মাত্র পাঁচ মাসেই ভেঙে গেল ভারতীয় নারীদের বিশ্বরেকর্ড। গত অক্টোবরেই তাদের গড়া সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড দল।
গত অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৯ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই ছিল নারীদের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়।
আজ বুধবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪৭ রান তাড়া করে জিতেছে কিউইরা।
ওয়েলিংটনে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান করে প্রোটিয়া নারীরা। তবে দলের কেউ তিন অঙ্কে পৌঁছাতে পারেননি।
অধিনায়ক লরা উলভার্ট ৬৯, আনেকে বশ ৯১, ক্লোয়ি ট্রায়ন ৫২ রান করেন। এ ছাড়া স্যান লাস ৪০ ও সিনাল জাফতা করেন ৩৭ রান। ব্রি লিং ৩ ও কেলি নাইট নেন ২ উইকেট।
জবাবে দু’বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে যায় কিউইরা। আমেলিয়া কের ১৩৯ বলে ১৭৯ রান করে অপরাজিত থাকেন। ইসাবেল গেজ করেন ৬৮ রান।
৩৪৬ রানে থাকাকালীন চার মেরে দলকে ৩৫০ রানে নিয়ে গিয়ে খেলা শেষ করেন কের। তাতেই নিউজিল্যান্ড দল গড়ে রান তাড়ায় নতুন রেকর্ড।



