দেড় যুগের শিরোপাখরা কাটাতে শক্তিশালী দল নিয়ে আসছে মোহামেডান

পাশাপাশি সময়ের অন্যতম ইনফর্ম পেসার রিপন মন্ডলকেও দলে নেয়ার সব কাজ চূড়ান্ত। আলোচিত পেসার মুশফিক হাসানও থাকছেন দলে।

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার বা মোস্তাফিজুর রহমানের মতো তারকার মেলা বসিয়েও সাফল্য মেলেনি মোহামেডানের
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার বা মোস্তাফিজুর রহমানের মতো তারকার মেলা বসিয়েও সাফল্য মেলেনি মোহামেডানের |ফাইল ছবি

ফুটবলে যেমন-তেমন, ক্রিকেটে মোহামেডান যেন নিতান্তই সাধারণ। নামে-ভারে আর অর্জনে যদিও বেশ সমৃদ্ধ দলটা, তবে গত দেড় যুগে জিততে পারেনি শিরোপা।

খালেদ মাসুদ পাইলটের অধিনায়কত্বে ২০০৮-২০০৯ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান। এরপর গত প্রায় দেড় যুগ ধরেই শিরোপা খরায় ভুগছে সাদা-কালোরা।

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার বা মোস্তাফিজুর রহমানের মতো তারকার মেলা বসিয়েও সাফল্য মেলেনি।

গত আসরে যদিও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে প্রায় সমানতালে লড়াই করে রানার্সআপ হয় মোহামেডান। নিকট অতীতে সেটাই ছিল দলটার সেরা সাফল্য।

এবার অবশ্য দেড়যুগের শিরোপাখরা কাটাতে মরিয়া মোহামেডান। সাদা-কালো শিবির তুলনামূলক হিসেব কষেই দল সাজাতে যাচ্ছে। কোচ মিজানুর রহমান বাবুল দল গোছাচ্ছেন বুঝেশুনে।

বেশি বড় ও নামী তারকার চেয়ে যারা ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরমার হিসেবে বিবেচিত ও প্রতিষ্ঠিত, তাদেরকেই টার্গেট করেছে ক্লাবটি।

জানা গেছে, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এনামুল হক বিজয় ও নাইম শেখকে নিয়ে ভাবছে দলটা। পাখির চোখ করে রেখেছেন মুশফিকুর রহিমের ওপরও।

সাথে মিডল অর্ডারে শক্তি বাড়াতে তাওহিদ হৃদয় এবার মোহামেডানের হয়ে খেলবেন। এর বাইরে পারভেজ হোসেন ইমনেরও মোহামেডানে খেলা নিশ্চিত।

আরেক বাঁহাতি আফিফ হোসেন ধ্রুবকেও নিচ্ছে সাদা-কালোরা। এখানেই শেষ নয়, ইয়াসির আলী রাব্বি ও তাইবুর রহমানকেও দলে ভেড়াচ্ছে মোহামেডান।

এ ছাড়া লেগস্পিন গুগলি বোলার রিশাদ হোসেনকেও এবার দলে টানছে মোহামেডান।

যেখানে তার সঙ্গী বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফস্পিনার নাইম হাসান।

পাশাপাশি সময়ের অন্যতম ইনফর্ম পেসার রিপন মন্ডলকেও দলে নেয়ার সব কাজ চূড়ান্ত। আলোচিত পেসার মুশফিক হাসানও থাকছেন দলে।

তারকা পেসার তাসকিন আহমেদকেও পেতে আগ্রহী মোহামেডান। আর মোহম্মদ সাইফউদ্দিনও এবার মোহামেডানেই থাকছেন বলে নিশ্চিত করেছেন মিজানুর রহমান বাবুল।