জটিল হিসাব-নিকাশে পৌঁছে গেছে টি-২০ বিশ্বকাপ। ইতোমধ্যেই সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল হওয়ার লড়াইয়ে রয়েছে চার দেশ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার আবহাওয়া যেভাবে ভেলকি দেখিয়েছে, তাতে শুক্রবারের ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচের ওপরই পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন টিকে রয়েছে। শুক্রবারই ঠিক হয়ে যাবে, সালমান আলি আগারা বিশ্বকাপে টিকে থাকতে পারবেন কিনা।
বৃহস্পতিবার জিম্বাবুয়েকে হারিয়েছে ভারত। সেই ফলাফলের ভিত্তিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। পরপর দুই ম্যাচ বিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছেন এডেন মার্করামরা। চার পয়েন্ট এবং দারুণ নেট রান রেট রয়েছে তাদের। গ্রুপ-১ থেকে আর একটি দলই সেমিফাইনালে যাবে। সেটা চূড়ান্ত হবে আগামী রোববার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর।
কিন্তু গ্রুপ-২ থেকে কোন দল সেমিতে যাবে, সেটা আজ শুক্রবারই নির্ধারিত হয়ে যেতে পারে। গ্রুপ-২ পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের ঝুলিতে এক পয়েন্ট। সর্বোচ্চ তিন পয়েন্ট পর্যন্ত পেতে পারে তারা। রানরেট -০.৪৬১।
এই গ্রুপ থেকে ৪ পয়েন্ট পেয়ে ইতোমধ্যেই সেমিতে চলে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠার লড়াইয়ে পাকিস্তানের সাথে রয়েছে নিউজিল্যান্ড। আপাতত কিউইদের ঝুলিতে তিন পয়েন্ট। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কিউইরা। সেই ম্যাচে যদি ইংল্যান্ড জেতে, একমাত্র তাহলেই পাকিস্তানের আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড আটকে যাবে তিন পয়েন্টে। তারপর শনিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে শাহিন আফ্রিদিদের।
কিন্তু ওই ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার আশঙ্কা রয়েছে পাকিস্তানের। যদি শুক্রবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হবে না।
অন্যদিকে, নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হারে আর পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলেও সালমান আলি আগাদের বিশ্বকাপ অভিযান শেষ।



