বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ মে-জুনে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে, যেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলবে তারা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চলতি বছরের জুনে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতিতে নেমেছে দলটি।

নিজেদের আরো একটু ঝালিয়ে নিতে বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

ত্রিদেশীয় এই সিরিজ শুরু হবে ২৮ মে। চলবে ৪ জুন পর্যন্ত। যেখানে তিন দল একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। তবে এই সিরিজে কোনো ফাইনাল রাখা হয়নি। পয়েন্ট তালিকার ভিত্তিতেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ৩০ মে, যেখানে প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড। পরদিন ৩১ মে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

এরপর ২ জুন আবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের সিরিজ মিশন।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের ঐতিহ্যবাহী দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি:
২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ