নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে নতুন নির্বাচক প্যানেল

নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য তালিকায় আছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও আলিস আল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তান সিরিজ শেষ করে আপাতত ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই নিজ নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন। চলতি মাসে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও আগামী এপ্রিল থেকে আবার ব্যস্ত সূচিতে ফিরবে বাংলাদেশ দল।

আগামী ১৩ এপ্রিল সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে, যেখানে মোট ৬টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই সিরিজকে সামনে রেখে শিগগিরই দল ঘোষণা করবে নতুন নির্বাচক প্যানেল, যার নেতৃত্বে থাকছেন হাবিবুল বাশার সুমন। তার সাথে নির্বাচক হিসেবে কাজ করবেন হাসিবুল হোসেন শান্ত ও নাঈম ইসলাম। এ ছাড়া চতুর্থ নির্বাচক হিসেবে আলোচনায় রয়েছেন নাদিফ চৌধুরী। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে আগামী দুই-তিন দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি আসতে পারে।

নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য তালিকায় আছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও আলিস আল ইসলাম।

এদিকে, প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি দলের সাথে তার পথচলার ইতি টেনেছেন। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচকদের চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, গত ৮ মার্চ পর্যন্ত নির্বাচক পদে আবেদনের সময়সীমা ছিল। মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। তাদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে বেছে নেয় বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।