ডিপিএলে ক্রিকেটারদের ঠিকানা নির্ধারণ হবে ১৮ ও ১৯ এপ্রিল

বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম অফিসেই দেশের অন্যতম বড় ঘরোয়া টুর্নামেন্টের দলবদল অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

সব শঙ্কা উড়িয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। খেলা মাঠে গড়ানোর আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা না হলেও জানা গেছে দলবদলের সময়সূচি।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দলবদলের তারিখ জানাল সিসিডিএম। দলবদলের আনুষ্ঠানিকতা হবে দুই দিনে। আগামী ১৮ ও ১৯ এপ্রিল হবে ক্রিকেটারদের ঠিকানা নির্ধারণ।

বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম অফিসেই দেশের অন্যতম বড় ঘরোয়া টুর্নামেন্টের দলবদল অনুষ্ঠিত হবে।

রেলিগেশন ইস্যুতে দুয়েকটি ক্লাবের প্রিমিয়ার লিগ বয়কটের গুঞ্জন শোনা গেলেও ১২ দল নিয়েই হচ্ছে লিগ। আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পাশাপাশি অন্য দলগুলো হলো-

গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেওপার্ডস।

এদিকে আসর শুরুর আনুষ্ঠানিক সূচি না জানা গেলেও বিভিন্ন সূত্র বলছে, মে মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এই আসর।