বিশ্বজুড়ে চলছে মহিমান্বিত মাহে রমজান। তবে বসে থাকার সুযোগ নেই শান্ত-মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে তাদের।
বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ গড়াবে বেলা সোয়া ২টায়।
এই ম্যাচ দিয়ে চার মাসের বেশি সময় পর ঘরের মাঠে খেলবে বাংলাদেশ দল। ফলে প্রিয় দলের খেলা দেখতে মাঠে সমাগম হবে সমর্থকদের। রমজানে এই সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে বিসিবি।
যারা মাঠে বসে খেলা উপভোগ করবেন, ইফতারের সময় যেন তাদের বিড়ম্বনায় না পড়তে হয়, তাই তাদের জন্য থাকবে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এই পানি স্পন্সর করবে ‘পুষ্টি।’
উষ্ণ আবহাওয়ার মাঝে রোজা রেখে খেলা দেখা দর্শকদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেই ভোগান্তি কমাতে ও ইফতারের সময় পানির চাহিদা মেটাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে পুষ্টি।
পুষ্টি স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে নির্দিষ্ট স্টল স্থাপন করবে, যেখান থেকে সহজেই দর্শকরা পানি সংগ্রহ করতে পারবেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।



