টি-২০ বিশ্বকাপ

গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

তবে শেষ চারে ওঠার লড়াই শুরুর আগে গ্রুপ পর্বের সেরা খেলোয়াড়দের সম্পর্কে একটু জেনে নেয়া যাক। ব্যাটে-বলে যারা আলো ছড়িয়েছেন এবার।

নয়া দিগন্ত অনলাইন
ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান
ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান |সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় অর্ধেক পথ শেষ হয়ে এসেছে। শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলাও। আজ থেকে শুরু হচ্ছে সুপার এইট পর্ব।

তবে শেষ চারে ওঠার লড়াই শুরুর আগে গ্রুপ পর্বের সেরা খেলোয়াড়দের সম্পর্কে একটু জেনে নেয়া যাক। ব্যাটে-বলে যারা আলো ছড়িয়েছেন এবার।

সেরা ৫ ব্যাটার
সাহিবজাদা ফারহান:
গ্রুপ পর্বের ৪ ম্যাচে সর্বোচ্চ ২২০ রান করেছেন পাকিস্তানের এই ব্যাটার। টুর্নামেন্টে এখনো পর্যন্ত হওয়া ৩টি সেঞ্চুরির একটি তার। আছে একটি ফিফটিও। স্ট্রাইকরেট ১৬৪.১৭ ও গড় ৭৩.৩৩।

পাথুম নিশানকা: লঙ্কান এই ব্যাটার গ্রুপপর্ব শেষ করেছেন ১৯৯ রান নিয়ে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সেঞ্চুরি আছে তার। ৬৬.৩৩ গড়ে রান করা নিশানকার স্ট্রাইকরেটও ভালো; ১৫৬.৬৯।

কুশল মেন্ডিস: সেঞ্চুরি না পেলেও তিন ফিফটিতে ১৮২ রান করে ফেলেছেন তিনি। যদিও স্ট্রাইকরেট খুব একটা ভালো নয়; ১২৪.৬৫। গড় ৬০.৬৭।

এইডেন মার্করাম: ৪ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৮৭.৩৬ স্ট্রাইকরেটে ১৭৮ রান করেছেন মার্করাম। কোনো সেঞ্চুরি করতে না পারলেও ২টি ফিফটি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

ইশান কিশান: সেরা ৫ ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইকরেট ইশান কিশানের; ২০২.২৯। ৪ ম্যাচে এখনো পর্যন্ত ১৭৬ রান এসেছে তার ব্যাটে। আছে দুইটি ফিফটি।

সেরা ৫ বোলার
এস সি ভ্যান শাল্কউইক: ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের এস সি ভ্যান শাল্কউইক। যদিও এই সংখ্যা বাড়ানোর সুযোগ আর তার সামনে নেই। এরই মাঝে সুপার এইটে ওঠার লড়াইয়ে বাদ পড়েছে তার দল।

বরুণ চক্রবর্তী: শাল্কউইকের পরের ৪ বোলারেরই আছে সমান ৯টি করে উইকেট। তবে ইকোনমি রেট সবার চেয়ে ভালো ভারতের বরুণ চক্রবর্তীর। ৪ ম্যাচে ১২ ওভার বল করে মাত্র ৫.১৬ হারে রান দিয়েছেন তিনি। ৭ রানে একবার শিকার করেছেন ৩ উইকেট।

ব্লেসিং মুজারাবানি: ৩ ম্যাচেই ৯ উইকেট নিয়েছেন মুজারাবানি। জিম্বাবুয়েকে সুপার এইটে ওঠানোর অন্যতম নায়কের ইকোনমি রেটও ছয়ের নিচে; ৫.৯১। ১৭ রানে ৪ উইকেট তার সেরা ফিগার।

এমএ লিস্ক: হঠাৎ সুযোগ পেয়ে দল হিসেবে স্কটল্যাড ভালো করতে না পারলেও বল হাতে আলো ছড়িয়েছেন লিস্ক। ৪ ম্যাচে ৭.৬২ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।

আজমাতুল্লাহ ওমারজাই: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আফগানিস্তান। তবে বাদ পড়ার আগে ৮.২৪ ইকোনমিতে ৪ ম্যাচে ৯ উইকেট নেন দলটির অলরাউন্ডার ওমরজাই।