ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে লম্বা সময়ের প্রস্তুতি বাংলাদেশ দল ভালোভাবে কাজে লাগাচ্ছে বলে মনে করেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
আজ সোমবার সাংবাদিকদের নাফিস বলেন, ‘সাধারণত আমরা কোনো আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি সময় পাই না। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। আমরা এবার প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি। যা খেলোয়াড়দের ফিটনেস-দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘অনুশীলন শিবির নিবিড় ও সুসংগঠিত ছিল, যা খেলোয়াড়দের আরো ভালো পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুশীলনে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে বলে জানান নাফিস। তিনি বলেন, ‘শুরুতে আমাদের অনুশীলন পর্ব ফিটনসে ও ফিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দক্ষতা, ফিটনেস ও ফিল্ডিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রচণ্ড গরম সত্ত্বেও কঠোর পরিশ্রম করছে খেলোয়াড়রা।’
নতুন নিযুক্ত স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিকের ভূমিকা স্পষ্ট করে নাফিস বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের জন্য নিয়োগ দেয়া হয়নি রফিককে। বিভিন্ন দলের সাথে কাজ করবেন তিনি। রফিকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের স্পিনারদের উন্নয়নে সেটি কাজে লাগাতে চায় বিসিবি।’


