আইসিসি নারী ওয়ানডে র্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং।
ইংল্যান্ড পেসার সোফি এক্লেস্টোনকে টপকে র্যাংকিংয়ে শীর্ষে ফেরেন কিং। নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে অনুযায়ী ৭৫৩ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন কিং। মাত্র ৬ রেটিং কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন এক্লেস্টোন।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখান কিং। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে ৫ উইকেট নেন তিনি।
এমন বোলিংয়ে এক সপ্তাহ পর আবারো শীর্ষে উঠলেন কিং। গত সপ্তাহে কিংকে সরিয়ে শীর্ষে ফিরেছিলেন এক্লেস্টোন।
এর আগে প্রায় চার বছর শীর্ষে থাকা এক্লেস্টোনকে সরিয়ে গত মার্চে শীর্ষে উঠেছিলেন কিং।
বোলিং ছাড়াও অলরাউন্ডার তালিকায় উন্নতি হয়েছে কিংয়ের। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি।
নারীদের ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন যথাক্রমে ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।



