আবারো অনিশ্চয়তায় ভারত-পাকিস্তান ম্যাচ। খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এবার কোনো পক্ষ নয়, বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রকৃতি। আছে বৃষ্টির সম্ভাবনা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়ারই কথা ছিল না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে হাইভোল্টেজ এ ম্যাচটি বয়কট করে পাকিস্তান।
এমতাবস্থায় বেশ চাপে পড়ে যায় আইসিসি। দেখা দেয় মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কা। এরপর অবশ্য পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
হাইভোল্টেজ এ ম্যাচটি নিয়ে যখন ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করছে, তখনই ফের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে ম্যাচটি।
গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কলম্বোর কোনো ম্যাচেই বৃষ্টি হানা দেয়নি। কিন্তু পূর্বাভাস বলছে, এই ম্যাচে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাই।
আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এদিন কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রাখতে পারে।
তবে আশার আলো যে দেখা যাচ্ছে না তা নয়, আবহাওয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে। ফলে একেবারেই আশাহত হওয়ার কিছু নেই দর্শকদের।



