রোনালদোর গোলে শীর্ষস্থান দখলে নিলো আল নাসের

চলতি মৌসুমের লিগে এটি আল নাসের অধিনায়কের ২০তম গোল। একই সাথে হাজার গোলের পথে আরো একটু এগিয়ে গেলেন। পেশাদার ক্যারিয়ারে তার গোল এখন ৯৬৫টি।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |ইন্টারনেট

বিরতি শেষে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তৃতীয় ম্যাচে পেয়েছেন গোলের দেখা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে আল নাসেরকে এনে দিয়েছেন বড় জয়।

বুধবার রাতে আল নাজমাকে ৫-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে এসেছে আল নাসের। ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন রোনালদো।

চলতি মৌসুমের লিগে এটি আল নাসের অধিনায়কের ২০তম গোল। একই সাথে হাজার গোলের পথে আরো একটু এগিয়ে গেলেন। পেশাদার ক্যারিয়ারে তার গোল এখন ৯৬৫টি।

ম্যাচের সপ্তম মিনিটেই গোলের দেখা পান রোনালদো। আল নাজমার বক্সের ভেতর তাকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। এরপর স্পট কিক থেকে গোল আদায় করে নেন রোনালদো।

এরপর প্রথমার্ধে আরো দু’টি গোল যোগ করেন কিংসলে কোম্যান ও ইনিয়িগো মার্তিনেজ। বিরতিতে যাওয়ার আগে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকেরা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। রোনালদোর পাস থেকে বল পেয়ে বল জালে জড়ান মানে।

আর ৮০ মিনিটে কর্নার কিক থেকে হেড করে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মার্তিনেজ। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসের।

২৩ ম্যাচে ১৯ জয় তুলে নিয়ে ৫৮ পয়েন্টে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আল আহলি।