ভারতে রান-আউট নিয়ে বিতর্কে ছুরিকাঘাতে আম্পায়ার নিহত

সমস্যা মেটানোর কথা বলে কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন। কিন্তু তারা কাছে গেলে হঠাৎই কান্তা পকেট থেকে ছুরি বের করে অজিতের ওপর হামলা চালান।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভয়াবহ এক ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেটে। রান-আউট নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী এক আম্পায়ার। এই ঘটনায় আহত হয়েছেন অপর আম্পায়ারসহ আরো চারজন।

গত রোববার ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটেছে এ ঘটনা। তবে স্বীকৃত কোনো ম্যাচে নয়, সেখানকার স্থানীয় এক প্রীতি ক্রিকেট ম্যাচে ঘটে এমন দৃশ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বিনায়ক নগর ও চাকালি পেটার মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচে এমন ঘটনা ঘটে। খেলার একপর্যায়ে একটি রান-আউট কল নিয়ে দু’দলের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দুই আম্পায়ার অজিত বাবু ও চিরঞ্জীবী। তবে তাতে উত্তেজনা কমার বদলে আরো বাড়তে থাকে। এই সময় কান্তা কিশোর নামে এক দর্শক আম্পায়ারদের উদ্দেশ্যে গালাগালি করতে থাকেন।

এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সমস্যা মেটানোর কথা বলে কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন। কিন্তু তারা কাছে গেলে হঠাৎই কান্তা পকেট থেকে ছুরি বের করে অজিতের ওপর হামলা চালান। তাকে থামাতে গেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন চিরঞ্জীবী ও আরো এক দর্শক।

গুরুতর আহত অবস্থায় অজিত বাবু ও আহত দর্শককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ২১ বছর বয়সী অজিত মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা ডোলা আপ্পালা রাজু থানায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।