ভারতের রান পাহাড়, ফাইনালে যেতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া আর কোনো দলেরই সেমিফাইনালে নেই দুই শ’ রানের রেকর্ড। ফলে ফাইনালে যেতে হলে অনেক নতুন রেকর্ড গড়তে হবে থ্রি লায়ন্সদের।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের বিপক্ষে আজ ঝড় তোলেন ভারতের এই দুই ব্যাটার
ইংল্যান্ডের বিপক্ষে আজ ঝড় তোলেন ভারতের এই দুই ব্যাটার |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

রানের পাহাড় গড়ে থামলো ভারত। ৭ উইকেটে তুললো ২৫৩। নক আউট ম্যাচে আগে কখনো এতো রান দেখেনি বিশ্বকাপ। তাই ফাইনালে যেতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

নকআউটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ১৯৩। তবে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩০ রান তাড়া করে জেতার রেকর্ড ইংল্যান্ডেরই। যদিও ভারতের বিপক্ষে আড়াই শ’ রান তাড়া করে জেতা মোটেও সহজ হবে না।

২৫৩ রান করার মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো স্বীকৃত টি-টোয়েন্টিতে আড়াই শ’ পেরোলো ভারত। গড়েছে বিশ্বকাপে যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ডও।

ওয়াংখেড়েতে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে আগে ব্যাট করে ভারত। তবে শুরুতেই অভিষেক শর্মার (৯) উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এরপরই ঘুরে যায় ইনিংসের মোড়।

সঞ্জু স্যামসন ও ইশান কিষান মিলে পাল্টা আক্রমণ শুরু করেন। দুজন মিলে পাওয়ার প্লেতে নেন ৬৭ রান। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৫ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা। ১৮ বলে ৩৯ রান নিয়ে আউট হন ইশান।

স্যামসন এদিন খেলতে থাকেন নিজের মতো করে। অন্যদিক থেকে শিভাম দুবে দেন যোগ্য সঙ্গ। যখন মনে হচ্ছিলো, হয়তো সেঞ্চুরি পেয়ে যাবেন, তখন স্যামসন ফেরেন ৪২ বলে ৮৯ রান নিয়ে।

এরপর দুবের ২৫ বলে ৪৩, হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ ও তিলক ভার্মার ৭ বলে ২১ রানে আড়াই শ’ পেরোয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নক আউট ম্যাচে যা সর্বোচ্চ সংগ্রহ।

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া আর কোনো দলেরই সেমিফাইনালে নেই দুই শ’ রানের রেকর্ড। ফলে ফাইনালে যেতে হলে অনেক নতুন রেকর্ড গড়তে হবে থ্রি লায়ন্সদের।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও উইল জ্যাকস। আর ৪ ওভারে ৬১ রান খরচ করেন জফরা আর্চার। নকআউট ম্যাচে এটিই সর্বোচ্চ রান খরচের রেকর্ড।