ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয়

ইমনের বিধ্বংসী ব্যাটিং আর মোস্তাফিজের জোড়া উইকেটে ভর করে দারুণ জয় পেল লাহোর কালান্দার্স। মুলতান সুলতান্সকে হারিয়েছে ২০ রানে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিং আর মোস্তাফিজুর রহমানের জোড়া উইকেটে ভর করে দারুণ জয় পেল লাহোর কালান্দার্স। মুলতান সুলতান্সকে হারিয়েছে ২০ রানে।

পিএসএলে শুক্রবার মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্স। এই ম্যাচেও লাহোরের একাদশে জায়গা ধরে রাখেন পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান।

ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে লাহোর। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৬৫ পর্যন্ত যেতে পারে মুলতান।

বড় পুঁজি গড়ার পথে অবদান ছিল ইমনের। প্রথম দুই ম্যাচে সুবিধা করতে না পারলেও তৃতীয় ম্যাচে বিধ্বংসী রূপে দেখা মেলে তার। ৫ ছক্কায় খেলেন ১৯ বলে ৪৫ রানের ইনিংস।

মোহাম্মদ নাইমকে নিয়ে উড়ন্ত সূচনা এনে দেন টসে হেরে ব্যাট করতে নামা লাহোরকে। ৩.২ ওভারেই আসে দলীয় পঞ্চাশ। চতুর্থ ওভারে ইমন চড়াও হন মোহাম্মদ নাওয়াজের ওপর।

২ ছক্কা ও ১ চারে সেই ওভার থেকে নেন ১৯ রান। পরের ওভারে ফয়সাল আকরামকে টানা তিন ছক্কা মারেন ইমন। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি।

৫.১ ওভারে ইমন আউট হন ৫ ছক্কা ও ২ চারে ২৩৪ স্ট্রাইকরেট নিয়ে। তাতে লাহোর ৮৬ রানে হারায় তাদের প্রথম উইকেট। ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি।

ইমন ফিরলেও অবশ্য লাহোর উড়তে থাকে ১০ ওভারেই পেরিয়ে যায় দেড় শ’ রানের গণ্ডি। ২৮ বলে ৬০ করে আউট হন নাইম। এছাড়া ১৪ বলে ৩৩ রান করেন আব্দুল্লাহ শফিক।

লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত আর পারেনি। তাদের শুরুটাই ভালো হয়নি। ১৮ রানের মাথায় বিদায় নেন স্টিভেন স্মিথ (৯) ও জশ ফিলিপ (১)।

একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করা সাহিবজাদা ফারহানকে (১৫ বলে ২৪) ফেরান মোস্তাফিজ। ২ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে নেন ওই ১টি উইকেট নেন তিনি।

কিন্তু নিজের তৃতীয় ওভারে খরুচে ছিলেন এই বাংলাদেশী তারকা। ওই ওভারে শান মাসুদকে ফেরালেও খরচ করেন ১৯ রান। শান মাসুদ আউট হন ১৮ বলে ৪৪ রান করে।

৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ফিজ ৩৭ রান দিয়েছেন। ১০ ওভারে ১১৪ রানে ৪ উইকেট হারায় মুলতান। সেখান থেকে অ্যাশটন টার্নার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে।

২২ বলে ২ চার ও ৫ ছক্কায় তিনি অপরাজিত ৫২ রান করেন তিনি। ১১ বলে ২৫ রান করেন আরাফাত মিনহাস। ১৩ ওভার শেষে তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৬৫ রানে।