রেকর্ড রানের জয় নিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে পাকিস্তান

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও টুর্নামেন্টের শেষ দল হিসেবে সুপার এইটের টিকেট নিশ্চিত করল পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ একটি সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান
আজ দারুণ একটি সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে পাকিস্তান। কলম্বোতে বুধবার নামিবিয়াকে রেকর্ড রানে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা।

সাহিবজাদার ৫৮ বলে ১০০ রানে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। ১০২ রানের বড় জয় পায় সাবেক চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে পাকিস্তানের এটি সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮২ রানে জিতেছিল তারা।

অবশ্য এই ম্যাচে হারলে শঙ্কা ছিল বাদ পড়ে যাওয়ার। বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচে তাই ব্যাটে-বলে কোনো ভুল করেনি পাকিস্তান। যদিও সাইম আইয়ুব ফেরেন দ্রুতই (১২)।

পরে দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন সাহিবজাদা ও সালমান আগা। ২৩ বলে ৩৮ রান করে আউট হন সালমান। এরপর খাজা নাফে (৫) ফিরলেও শাদাব খানকে নিয়ে ৪০ বলে ৮১ রান যোগ করেন সাহিবজাদা।

ইনিংসের শেষ ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন সাহিবজাদা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা কোনো পাকিস্তানির দ্বিতীয় সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ১১ চার ও ৪ ছক্কায় ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন সাহিবজাদা। শাদাবের ব্যাট থেকে আসে ছক্কায় ২২ বলে ৩৬ রান।

রান তাড়ায় জয়ের পথই ধরতে পারেনি নামিবিয়া। পঞ্চাশের আগেই ৪ উইকেট হারায় তারা। এরপর কেবল ছিল হারের ব্যবধান কমানোর চেষ্টা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন লরেন স্টিনকেম্প। ২০ রান আসে অ্যালেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্কের ব্যাটে। বল হাতে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন উসমান তারিক। ১৯ রানে ৩ উইকেট নেন শাদাব খান।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও টুর্নামেন্টের শেষ দল হিসেবে সুপার এইটের টিকেট নিশ্চিত করল পাকিস্তান।