মিরপুরে প্রথম ওয়ানডেতে বুধবার পাত্তাই পায়নি পাকিস্তান। সাবেক চ্যাম্পিয়নদের কোনো লড়াই করার সুযোগই দেয়নি টাইগাররা। হারের চেয়েও যেখানে দৃষ্টিকটু ছিল হারের ধরন।
আগে ব্যাট করে এদিন ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যা মাত্র ১৫.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। টাইগারদের এমন জয় হজম করতে পারছেন না মোহাম্মদ আমির।
সাবেক পাকিস্তানি এই তারকা পেসার দলের এমন শোচনীয় পরাজয়ের পর নিজ দেশের খেলোয়াড়দের রীতিমতো ধুয়ে দিয়েছেন। নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাদেরকে দুম্বার মতো করে মেরেছে। যেই উইকেটে আমরা ১১৪ রান করতে হিমশিম খেয়েছি, সেখানে ওরা মাত্র ১০-১২ ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে। এটা হয় নাকি?’
এই সময় ৫ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়া টাইগার পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আমির। তিনি বলেন, ‘নাহিদ রানা ও মেহেদী মিরাজ চমৎকার বল করেছে। বিশেষ করে নাহিদ, সে নিয়মিত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করছিল। আমাদের ব্যাটাররা গতি দেখলেই ভয় পায়, যা আজও দেখা গেছে।’
এরপর পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির বলেন, ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি। আমার ভয় হচ্ছে আমরা কি তবে সহযোগী দেশের মানে নেমে যাচ্ছি?’
এত বড় হারের পেছনে সিনিয়র ক্রিকেটার দলে না থাকাকে দায়ী করে তিনি বলেন, ‘সিনিয়রদের বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল চলে না, তাদের সঠিক নির্দেশনার জন্য অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন।’
বাংলাদেশ দলের পরিকল্পনার প্রশংসা করে আমির বলেন, ‘বাংলাদেশ স্মার্টলি ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, কিন্তু তারা পেস উইকেট বানিয়েছে। উইকেটে বাউন্স ছিল। যা পাকিস্তানের জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন।’



