টি-২০’তে বাঁ-হাতি পেসারদের রাজা মোস্তাফিজ

টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে উঠেছেন; মাত্র ৩২৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪১৬, যা বাংলাদেশী ও আন্তর্জাতিক লিগ মিলিয়ে রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বাঁ-হাতি পেসার বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টুয়েন্টিতে বাঁ-হাতি পেসারদের মাঝে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো।

পিএসএলে শুক্রবার রাতে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে স্বীকৃত টি-টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট সংখ্যা ৪১৬।

রেকর্ডটি গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আমিরকে। এতদিন ধরে টি-টোয়েন্টিতে সেরা বাঁ-হাতি বোলারের রাজত্ব ধরে রাখা আমির ৩৫৬ ম্যাচে নেন ৪১৪টি উইকেট।

যেখানে মোস্তাফিজ তাকে ছাপিয়ে গেছেন ৩১ ম্যাচ কম খেলেই, মাত্র ৩২৫ ম্যাচে। যেখানে তৃতীয় অবস্থানে আছেন ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজে (৪১৩ উইকেট)।

অবশ্য পিএসএল শুরুর আগে মোস্তাফিজ ছিলেন তিনে। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে ওয়াহাব রিয়াজ ও তৃতীয় ম্যাচে এসে পেছনে ফেলেন আমিরকে। আসরে ৩ ম্যাচে ৪ উইকেট তার।

ওয়াহাব রিয়াজের সাথে লড়াই শেষ হলেও আমিরের সাথে লড়াইটা এখানেই থামছে না। কারণ আমিরও খেলছেন পিএসএলে। এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বাকি উইকেটগুলো তিনি নিয়েছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ থেকে।