বিশ্বকাপের সুপার এইটেও থাকছেন বাংলাদেশী আম্পায়ার সৈকত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ অফিশিয়ালদের তালিকায় বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে রেখেছে। তিনি ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত |ফাইল ছবি

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। ৪০ ম্যাচ শেষে এখন কেবল ৮ দল টিকে আছে শিরোপার লড়াইয়ে। এবার আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে সুপার এইটের খেলা।

সুপার এইট পর্ব শুরুর আগে আজ ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি।

শনিবার কলম্বোতে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইটের খেলা। এই ম্যাচে মাঠের দায়িত্বে থাকবেন রডনি ট্যাকার ও পল রিফেল। এছাড়া আল্লাহউদ্দিন পালেকার থাকবেন টিভি আম্পায়ার ও স্যাম নোগাজস্কি চতুর্থ আম্পায়ার।

২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচে মাঠে থাকবেন ট্যাকার ও নোগাজস্কি। ২৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ড ও পাকিস্তান ম্যাচও পরিচালনা করবেন অস্ট্রেলিয়ান নোগাজস্কি। তার সাথে থাকবেন নিতীন মেনন।

২২ ফেব্রুয়ারি ক্যান্ডিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে আহসান রাজার সাথে মাঠের দায়িত্বে থাকবেন এড্রিয়ান হোল্ডস্টক। পাঁচ দিন পর নিউজিল্যান্ড ম্যাচেও একই দায়িত্ব সামলাবেন তিনি।

২৫ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পালেকার ও আসিফ ইয়াকুব।

অন্যদিকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে গ্রুপ ‘১’-এর ম্যাচ শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ম্যাচ পরিচালনা করবেন অভিজ্ঞ রিচার্ড কেটলবারো ও ক্রিস গাফেনি। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ ও চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।

১ মার্চ কলকাতায় সুপার এইটের শেষ ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মাঠে থাকবেন গাফেনি ও ওয়ার্ফ। ২৬ ফেব্রুয়ারি ভারত ও জিম্বাবুয়ে ম্যাচে দায়িত্বে থাকবেন ওয়ার্ফ ও কেটলবারো।

গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য হয়ে ওঠা জিম্বাবুয়ে ২৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ম্যাচটি পরিচালনা করবেন রিচার্ড ইলিংওর্থ ও জয়ারামণ মাদানাগোপাল।

২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও কুমার ধর্মসেনা।

১ মার্চ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচেও ধর্মসেনা ইলিংওর্থের সাথে মাঠের দায়িত্বে থাকবেন।

এদিকে ম্যাচ রেফারি হিসেবে ৪ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব ভাগাভাগি করবেন রঞ্জন মাডুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।