দ্বিপক্ষীয় সিরিজে রানবন্যা বইয়ে দিলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বড্ড অচেনা অভিষেক শর্মা। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। এবার তো গড়লেন লজ্জার এক রেকর্ড।
বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য রানে ফিরেন অভিষেক। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ বল খেলেও কোনো রান তুলতে পারেননি তিনি।
আর আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলেও পাননি রানের দেখা। সব মিলিয়ে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচেই টানা ডাক মেরেছেন অভিষেক শর্মা। গড়েছেন বিব্রতকর রেকর্ড।
কুড়ি ওভারের বিশ্বকাপ ইতিহাসে অভিষেকে টানা দুই ম্যাচে বিব্রতকর ডাক মারার কীর্তি ছিল ইমরুল কায়েসের। ২০১০ সালের বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফেরেন তিনি।
সেটিই ছিল তার প্রথম ও শেষ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি তার। তাই বিশ্বকাপে ইমরুলের সংগ্রহ দুই ম্যাচে শূন্য রান।
প্রায় ১৬ বছর পর এবার প্রথম দুই ম্যাচে ডাক মেরে ইমরুলের পাশে বসেন অভিষেক। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষেও শূন্য রানে আউট হয়ে ইমরুলকেও পেছনে ফেলে দিলেন তিনি।
অর্থাৎ বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন এই বাঁহাতি ওপেনার।
এছাড়া একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ভারতের হয়ে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে আশিস নেহরাকেও (২) ছাড়িয়ে গেছেন অভিষেক।
তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অভিষেক ছাড়াও এক আসরে সর্বোচ্চ ৩টি করে ডাক পেয়েছেন আরো দুইজন।
বাংলাদেশের তানজিদ তামিম ও উগান্ডার রজার মুকাসা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি করে ডাক মারেন।
সব মিলিয়ে বেশ খারাপ সময় পার করছেন অভিষেক শর্মা। তার শেষ ৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে ৫টিতেই তিনি কোনো রান করতে পারেননি। যা এক মৌসুমে ভারতে হয়ে সর্বোচ্চ।



