দোরগোড়ায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাত শেষ হলেই পর্দা উঠবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শ্রেষ্ঠত্বের এই আসরের। তবে এবারের বিশ্বকাপের আমেজ খুব একটা নেই বাংলাদেশে।
নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় টাইগাররা। আইসিসির কাছে আবদার করে বিকল্প ভেন্যু। তবে আইসিসি তা মানেনি, ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে লিটন দাসের দল।
ফলে আসন্ন এই বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশকে। তবে আসরে লাল-সবুজদের হয়ে প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান। দল না থাকলেও এই ধারাভাষ্যকার যাচ্ছেন বিশ্বকাপে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে ৪০ জন ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে সেই তালিকায় জায়গা পেয়েছেন কেবল আতহার আলী খান।
ধারাভাষ্য প্যানেলের নেতৃত্ব দেবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপের মতো কিংবদন্তিরা। তাদের সাথে যোগ দেবেন ২০২১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
এছাড়াও সাবেক বিশ্বজয়ীদের মধ্যে রয়েছেন ভারতের দিনেশ কার্তিক ও রবিন উথাপ্পা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি ও কার্লোস ব্র্যাথওয়েট থাকছেন।
ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজার পাশাপাশি আছেন ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস ও সাইমন ডুলের মতো আইকনিক সব নাম।
এদিকে এবারের আসরে আইসিসি টিভির ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার।
বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা-
আতহার আলী খান, রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, কাস নাইডু, বাজিদ খান, রৌনক কাপুর, নিয়াল ও'ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।



