পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ হকি দল।
শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের হয়ে ১৩ মিনিটে আশরাফুল ইসলাম এবং ৪৯তম মিনিটে আমিনুল ইসলাম গোল করেন।
এর আগে, গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।
এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এ মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
পুল ‘বি’-তে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের সাথে আরো আছে চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান।
আগামী ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।
বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। বাসস



