ট্রাফিক স্কুলে শহীদ জিয়া স্মরণে ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হচ্ছে
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

এক সপ্তাহব্যাপী চলা জিয়া ভলিবল টুর্নামেন্টের পর্দা নামলো আজ। আজ সোমবার বিকেলে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল ও ষষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক এক্সিডেন্ট কোর্সের সবুজ দলের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এই টুর্নামেন্ট।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজক ছিলেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল টিডিএসে আগত বিভিন্ন পদবী পুলিশ সদস্যদের মাঝে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া সম্পর্কে আলো ছড়িয়ে দিতে এবং উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধূলাকে উৎসাহ দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় টিডিএসে জিয়া ভলিবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ সদস্যরা যেমন শারীরিকভাবে প্রাণবন্ত হবে, অপরদিকে আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ রাখবে।’

আন্তর্জাতিক ফরম্যাটের এই টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকেই পুলিশ সদস্যদের ছিল বিপুল আগ্রহ। তার প্রমাণ মেলে ফাইনালেও। জেলা পুলিশ মাঠে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই ভিড় জমাতে শুরু করেন। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টিডিএসে এই প্রথম শহীদ জিয়ার নামে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে পুলিশ সদস্যদের মাঝে মোহাম্মদ আব্দুল হালিম প্রশংসিত হন। টুর্নামেন্ট ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করা হয়।

এ সময় ট্রেনিং শাখার সকল অফিসার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।