এআই চিপ তৈরিতে ব্রডকম ও গুগলের সাথে অ্যানথ্রোপিকের চুক্তি

ব্রডকম ও গুগলের সম্মিলিত উদ্যোগে অ্যানথ্রোপিক প্রায় ৩ দশমিক ৫ গিগাওয়াট টিপিইউ-ভিত্তিক কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ পাবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।

প্রতিষ্ঠানটি সোমবার গুগল ও ব্রডকমের সাথে বিশাল আকারের কম্পিউটিং সক্ষমতা তৈরির লক্ষে একটি চুক্তি করেছে।

সান ফ্রান্সিসকো ভিত্তিক এই এআই প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, চলতি বছর তাদের আয় ৩ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। গত বছরের শেষে তাদের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯০০ কোটি ডলার।

অ্যানথ্রোপিকের প্রধান আর্থিক কর্মকর্তা কৃষ্ণ রাও লিখেছেন, ‘আমাদের অভূতপূর্ব প্রবৃদ্ধির সাথে তাল মেলাতে কম্পিউটিং সক্ষমতা বাড়াতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

তিনি আরো জানান, গ্রাহক সংখ্যা অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকায় প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হচ্ছে। এর ফলে তাদের এআই মডেল ‘ক্লাউড’-এর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক নথি থেকে জানা গেছে, ব্রডকম দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গুগলকে ভবিষ্যৎ প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) সরবরাহ করবে। এই বিশেষ চিপগুলো ডেটাসেন্টারে এআই চালাতে ব্যবহৃত হবে।

এছাড়া, ব্রডকম ও গুগলের সম্মিলিত উদ্যোগে অ্যানথ্রোপিক প্রায় ৩ দশমিক ৫ গিগাওয়াট টিপিইউ-ভিত্তিক কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ পাবে। আগামী বছর থেকে এটি কার্যকর হবে বলে নথিতে বলা হয়েছে।

অ্যানথ্রোপিক জানিয়েছে, এই কম্পিউটিং শক্তির বেশিভাগই যুক্তরাষ্ট্রের ভেতরে স্থাপন করা হবে।

সম্প্রতি মার্কিন সরকারের সাথে এক দ্বন্দ্বে জড়িয়েছে অ্যানথ্রোপিক। তাদের উদ্ভাবিত প্রযুক্তি গণনজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় ব্যবহার করা যাবে না বলে প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দেয়। এতে পেন্টাগন প্রধান পিট হেগসেথ ক্ষুব্ধ হন।

সূত্র : বাসস