মাওলানা আজহারী

আমার অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর

‘ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ, এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দেইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।’

নয়া দিগন্ত অনলাইন
মাওলানা মিজানুর রহমান আজহারী
মাওলানা মিজানুর রহমান আজহারী |ফাইল ছবি

‘হিটলারের প্রশংসা করায় অস্ট্রেলিয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হয়েছে’ মর্মে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিদেশী একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা বলে দাবি করেছেন তিনি নিজেই।

বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে মাওলানা আজহারী এ দাবি করেন। তিনি এ সম্পর্কে বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি দেশটিতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশী একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।

তিনি আরো বলেন, ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ, এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দেইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

মাওলানা আজহারী বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে—পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রসাশনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল।

তিনি বলেন, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থানে (Religious Coexistence) বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।