পবিত্র শবে বরাতে দারুণ এক কীর্তি গড়লেন ভোলার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মো: মাহদী হাসান (১৮)। পবিত্র এ রাতে এক বৈঠকে নির্ভুলভাবে সম্পূর্ণ কোরআন শুনিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থিত মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি অনন্য এই কীর্তি গড়েন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাফেজ মো: মাহদী হাসানের শিক্ষকবৃন্দ ও মাদরাসার ১০ জন হাফেজে কোরআন। তারা হাফেজ মাহদীর তেলাওয়াতের নির্ভুলতা, শুদ্ধতা ও সাবলীলতা যাচাই করেন এবং দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে চলা তার মিষ্টি তেলাওয়াতে অভিভূত হন।
হাফেজ মো: মাহদী হাসানের এমন অর্জনে উচ্ছ্বসিত হয়ে মাদরাসা কর্তৃপক্ষ তাকে বিশেষ ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমী, শিক্ষক হাফেজ কারী মাইনুদ্দিন, চৌমুহনী কাছাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কবির, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক, আমিনুল ইসলামসহ আরো বেশ কয়েকজন বরেণ্য আলেম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শারীরিক প্রতিবন্ধকতা ইলমে দ্বীনের পথে কখনোই বাধা নয়—মাহদী হাসানের এই অর্জন তার উজ্জ্বল প্রমাণ। তার এই সাফল্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এমন কীর্তির পর হাফেজ মাহদী হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।



