আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।
মুসলিম উম্মাহর কাছে মাহে রমজানের প্রতিটি দিনই পবিত্র ও মহিমামণ্ডিত। আর শুক্রবার তথা জুমার দিনটি সাপ্তাহিক ইবাদতের দিন এবং গরিবের ঈদ হিসেবে গণ্য। এ দিনের ফজিলত এমনিতেই বেশি। আর সেটি যখন রমজানের শেষ দশকে তথা জুমাতুল বিদা হয়, তখন রোজাদারসহ মুসলিম উম্মাহর প্রত্যেকের কাছেই তা বিশেষভাবে সম্মানিত, মহিমাময় ও পবিত্রতম বলে প্রতীয়মান হয়।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।



