সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সিয়াম বা রোজা কেবল উপবাস থাকা নয়, বরং এটি মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটিয়ে একটি অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করে।’
বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে ‘অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক রমাদান সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার (২ মার্চ) দুপুর ২টায় রাজধানীর মসজিদ মিশন কমপ্লেক্সের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো: নিজাম উদ্দীন। তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সিয়ামের সামাজিক গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলারবৃন্দ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বক্তারা রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ খলিলুর রহমান।
সেমিনার শেষে উপস্থিত ইমাম-খতিব ও সুধীবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


