সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের

Printed Edition
সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের
সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের

বিবিসি

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াতে উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি কংগ্রেসে প্রতিরক্ষা খাতে ৪২ শতাংশ বরাদ্দ বৃদ্ধির আবেদন জানান, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক ব্যয় বৃদ্ধির প্রস্তাব।

বার্ষিক বাজেট প্রস্তাবে পেন্টাগনের জন্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এ বাজেট ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে। সামরিক খাতে রেকর্ড অর্থায়নের জন্য ট্রাম্প আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ অভ্যন্তরীণ জনকল্যাণমূলক কর্মসূচিতে ১০ শতাংশ বরাদ্দ কমানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধ করছি। এ মুহূর্তে ডে-কেয়ার কেন্দ্রগুলোর দেখভাল করা সম্ভব নয়।

রিপাবলিকানরা প্রস্তাবকে স্বাগত জানালেও ডেমোক্র্যাটরা একে ‘চরমপন্থী’ বলে আখ্যা দিয়েছেন। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, এ বাজেট আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অন্য দিকে সিনেটর প্যাটি মারে প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। আমেরিকান প্রগ্রেস-এর বাজেট নীতি পরিচালক ববি কোগান বলেছেন, প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

সাধারণ মানুষের আবাসন বা হিটিং সহায়তা কমিয়ে সামরিক বাহিনীতে অর্থ ঢালা চরমপন্থা। সরকার চাইলে প্রতিরক্ষা ও জনকল্যাণ উভয় খাতেই অর্থায়ন করতে পারে, কিন্তু তারা সচেতনভাবেই দেশীয় খাতে কাটছাঁট করছে। প্রেসিডেন্টের বাজেট প্রস্তাব এখন কংগ্রেসের বিভিন্ন কমিটিতে পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। সেখানে এটি পাস হওয়া নিয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।