জাতীয় নির্বাচন শেষ হলেও রাজনীতির কেন্দ্র থেকে সরে যায়নি ‘জুলাই’। বরং নির্বাচন পরবর্তী বাস্তবতায় জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদকে ঘিরে নতুন করে স্পষ্ট হয়েছে রাজনৈতিক দুই মেরু। এক পক্ষ বলছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে। অন্য পক্ষের বক্তব্য- নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন করে জুলাইয়ের ব্যাখ্যা হাজির করে সাংবিধানিক পরিবর্তন চাপিয়ে দেয়া হলে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে নির্বাচন পরবর্তী রাজনীতিতে ‘জুলাই’ এখন সবচেয়ে আলোচিত শব্দ।
নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে যে বিতর্ক ছিল, তা মূলত প্রক্রিয়া ও সময় নিয়ে। কিন্তু নির্বাচন শেষে বিতর্কের ধরন বদলেছে।
ক্ষমতাসীন শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন-পরবর্তী বক্তব্যে বলছে, তারা সংস্কারের বিরুদ্ধে নয়; তবে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের একমাত্র বৈধ ফোরাম। দলটির নেতাবৃন্দের দাবি, জুলাই সনদের কিছু প্রস্তাব রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তাদের মতে, নির্বাচনের পর জনগণের প্রধান প্রত্যাশা হলো স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বস্তি; সেই সময়ে অতিরিক্ত কাঠামোগত পরীক্ষা-নিরীক্ষা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
নাম প্রকাশ না করা শর্তে বিএনপির একাধিক রাজনৈতিক দল বলছেন, জুলাই ইস্যুতে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে তা নির্বাচনী ম্যান্ডেটের ওপর ছায়া ফেলতে পারে। দলটির একাধিক নেতা গণমাধ্যমে বলেছেন, “সংস্কার চাই, কিন্তু হবে প্রতিনিধিত্বমূলক প্রক্রিয়ার মাধ্যমে।”
তাদের অভিযোগ, জুলাইয়ের ব্যাখ্যা কখনো কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আদালত, কমিশন ও সাংবিধানিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতে আইনি জটিলতা ডেকে আনতে পারে এমন আশঙ্কাও তারা প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন-পরবর্তী অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারের প্রশ্নে আমাদের আপত্তি নেই। কিন্তু সংবিধান সংশোধন বা রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন করতে হলে তা অবশ্যই নির্বাচিত সংসদের মাধ্যমে হতে হবে। জনগণ আমাদের সংসদে পাঠিয়েছে সেই ম্যান্ডেটকে পাশ কাটানো ঠিক হবে না।”
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নির্বাচনের পর এখন প্রধান অগ্রাধিকার হওয়া উচিত অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতা। জুলাইয়ের নামে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করলে জনগণ বিভ্রান্ত হবে।” বিএনপির নেতাদের ভাষ্য, জুলাই সনদের কিছু প্রস্তাব বাস্তবসম্মত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক সীমা ও আইনি জটিলতা বিবেচনায় নিতে হবে।
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে। দলটি বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল জবাবদিহি ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা। সে লক্ষ্যে সংস্কার প্রয়োজন। তবে গণভোট-পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া, সময়সীমা ও বিষয়বস্তু নিয়ে স্পষ্ট রূপরেখা দরকার।
জামায়াতের নেতারা বলছেন, “নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এখন যেকোনো বড় সিদ্ধান্তে সর্বদলীয় আলোচনা হওয়া উচিত।” বিশ্লেষকদের মতে, জামায়াতের এই অবস্থান এক দিকে প্রক্রিয়াগত স্বচ্ছতার দাবি, অন্য দিকে রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল।
দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “গণভোটে জনগণের মতামত এসেছে। কিন্তু বাস্তবায়নের রূপরেখা, সময়সীমা ও প্রক্রিয়া স্পষ্ট করতে হবে। অন্যথায় রাজনৈতিক বিভাজন বাড়বে।”
জামায়াতের নেতারা মনে করছেন, নির্বাচন-পরবর্তী সময়ে সংলাপের পরিবেশ সৃষ্টি করা গেলে দুই মেরুর দূরত্ব কমতে পারে।
সবচেয়ে সরব অবস্থান নিয়েছে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচন জুলাইয়ের পথরেখা বদলায়নি; বরং জনগণ একই ধারাবাহিকতার পক্ষে রায় দিয়েছে। এনসিপির নেতারা বলছেন, “জুলাই ছিল জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা। নির্বাচন সেই ঘোষণাকে সাংবিধানিক রূপ দেয়ার সুযোগ।”
তাদের মতে, নির্বাচনের পর সংস্কার বাস্তবায়নে দেরি করা মানে জুলাইয়ের আত্মত্যাগ ও আন্দোলনের চেতনাকে অবমূল্যায়ন করা।
এনসিপি আরো অভিযোগ করেছে, কিছু ঐতিহ্যগত দল জুলাই ইস্যুতে ‘দ্বৈত অবস্থান’ নিচ্ছে। প্রকাশ্যে সমর্থন জানালেও বাস্তবে নানা শর্ত ও আপত্তির মাধ্যমে প্রক্রিয়াকে ধীর করছে।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, “নির্বাচন-পরবর্তী সরকার যদি জুলাইয়ের ম্যান্ডেটকে অগ্রাধিকার না দেয়, তাহলে জনগণের প্রত্যাশা ভঙ্গ হবে।” তাদের ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়; এটি রাষ্ট্র সংস্কারের ন্যূনতম চুক্তি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখছি কিছু দল দ্বৈত অবস্থান নিচ্ছে। তারা মুখে সংস্কারের কথা বলে, কিন্তু বাস্তবে নানা শর্তজুড়ে দেয়। জুলাইয়ের ম্যান্ডেট বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।” তার ভাষ্য, নির্বাচন-পরবর্তী সরকার যদি দ্রুত সংস্কারের পথে না হাঁটে, তাহলে তা গণ-অভ্যুত্থানের চেতনাকে দুর্বল করবে।
নির্বাচন পরবর্তী এই দুই মেরুর পেছনে রয়েছে ক্ষমতার পুনর্বিন্যাসের প্রশ্ন। জুলাই সনদের প্রস্তাবিত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নির্বাহী ক্ষমতার সীমাবদ্ধতা, সাংবিধানিক সংস্থাগুলোর স্বাধীনতা- এসব পরিবর্তন বাস্তবায়িত হলে রাজনৈতিক ভারসাম্যে বড় রদবদল আসতে পারে। ফলে যে দল ক্ষমতায় থাকুক, তারা স্বাভাবিকভাবেই নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে চাইবে। এই স্বার্থ রাজনীতি থেকেই বিভাজন তীব্র হচ্ছে বলে মত বিশ্লেষকদের। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নির্বাচনের ফল কি জুলাইয়ের গণভোটের ফলকে ছাপিয়ে গেছে? একদল বিশ্লেষক বলছেন, নির্বাচনই গণতান্ত্রিক বৈধতার সর্বোচ্চ উৎস; তাই নির্বাচনের পর সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যরা মনে করছেন, গণভোটে সরাসরি জনগণের মত প্রকাশিত হয়েছে; তাই তা অবহেলা করা যায় না। এই দ্বৈত বৈধতার বিতর্কই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই মেরুর তর্ক স্পষ্ট। একদল বলছে, “জুলাইয়ের প্রতিশ্রুতি পূরণ করো।” অন্যদল বলছে, “নির্বাচনের রায়ই চূড়ান্ত।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিতর্ক দীর্ঘস্থায়ী হলে তা নীতি আলোচনার চেয়ে আবেগপ্রবণ মেরুকরণে রূপ নিতে পারে।
অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের কেউ কেউ সতর্ক করে বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে অস্থিরতা সৃষ্টি হলে বিনিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তাদের মতে, সংস্কার প্রয়োজন হলেও তা ধাপে ধাপে ও আলোচনার মাধ্যমে হওয়া উচিত। একই সাথে জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নে সময়সীমা ও অগ্রাধিকার নির্ধারণ করা জরুরি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ মনে করেন, “নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তবে সংস্কার থেমে গেলে জনগণের প্রত্যাশা ভেঙে পড়বে। সমাধান হলো ধাপে ধাপে বাস্তবায়ন।”
রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সুশাসন বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার বলেন, সংলাপ ছাড়া এই সঙ্কটের সমাধান সম্ভব নয়। নির্বাচন ও জুলাই- দুটোই জনগণের মত প্রকাশের মাধ্যম। একটিকে অন্যটির বিরুদ্ধে দাঁড় করালে মেরুকরণ বাড়বে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশে জুলাই একটি প্রতীকী ও বাস্তব রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। এক মেরু দ্রুত বাস্তবায়নের পক্ষে, অন্য মেরু প্রক্রিয়াগত সতর্কতার পক্ষে। বিএনপি নির্বাচিত সংসদের অগ্রাধিকার দিচ্ছে, জামায়াত সংলাপের ওপর জোর দিচ্ছে, আর এনসিপি গণভোট সমর্থিত সংস্কারের ত্বরান্বিত বাস্তবায়ন চাইছে। এই তিন ভিন্ন অবস্থান মিলেই তৈরি হয়েছে দুই বড় রাজনৈতিক মেরু।
এখন প্রশ্ন, এই মেরুকরণ কি সমঝোতায় পৌঁছবে নাকি তা ভবিষ্যতের রাজনীতিতে নতুন সঙ্ঘাতের সূচনা করবে? বিশ্লেষকদের মতে, সমাধান একটাই স্বচ্ছ সংলাপ ও পারস্পরিক আস্থা। নির্বাচন জনগণের রায় দিয়েছে, জুলাই জনগণের আকাক্সক্ষা প্রকাশ করেছে এই দুইকে মুখোমুখি না দাঁড় করিয়ে সমন্বয়ের পথ খুঁজে নিতে পারলেই রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব। অন্যথায়, নির্বাচন শেষ হলেও ‘জুলাই’ থেকে যাবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে দুই মেরুর টানাপড়েনে।



