চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের ও মৎস্য প্রজেক্ট কেন্দ্রিক দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান চালিয়েছে পুলিশ। দুই দিনের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চিংড়ি ঘের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের গতিবিধি নজরদারিতে রেখে সমন্বিত অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।
অভিযানে ডুলাহাজারা, উলুবনিয়া, রিংভং, ল্যারচর ও সাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের দখল, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, চিংড়ি শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ রফতানিমুখী খাত। প্রকৃত চাষিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ অভিযানে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।



