দ্য ডন
পাকিস্তানের বেলুচিস্তানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় এক ডজন মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
পিডিএমএ জানিয়েছে, সর্বশেষ লোরালাই জেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। লোরালাই ও ঝোব জেলায় ঘরের ছাদ ও দেয়াল ধসে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ২০ মার্চ থেকে টানা বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ৯ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া, বজ্রপাত এবং ঘর ধসে পড়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
অব্যাহত বর্ষণে বিভিন্ন জেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসল নষ্ট হয়েছে। কাচ্ছি, ঝোব, কিলা আবদুল্লাহ ও হারনাই জেলায় অন্তত ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১২২টি আংশিক ক্ষতিগ্রস্ত। কাচ্ছিতে সবচেয়ে বেশি, প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হারনাই ও কোহলু জেলায় মহাসড়ক ও সংযোগ সড়ক বন্ধ হয়ে যাতায়াতে বিঘœ ঘটছে। ঝোব জেলায় বজ্রসহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সুই তহসিলে একটি জরাজীর্ণ বাড়ি ধসে পড়ে এক যুবক নিহত হয়েছেন।



