নয়া দিগন্ত ডেস্ক
এক সময় ভোটযন্ত্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বুথ পরিচালনা, নির্বাচন কমিশনের রীতিনীতি ছিল যার নখদর্পণে, জীবনের সায়াহ্নে এসে সেই মানুষটিরই নাম উঠল না ভোটার তালিকায়। বিড়ম্বনার শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ মতিন। ৭৬ বছরের বৃদ্ধের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
তুরুক-ময়না গ্রামের বাসিন্দা মহম্মদ মতিনের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৪ সালে। তিনি মুর্শিদাবাদের সুতি ও সাগরদীঘির বিডিও হিসেবে কাজ করেছেন, দায়িত্ব সামলেছেন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেটেরও। অবসর গ্রহণের পর বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি। অভিযোগ, কমিশনের শুনানিতে পাসপোর্ট, পেনশনের নথি এবং চাকরির পরিচয়পত্র দেখানোর পরেও অতিরিক্ত তালিকায় তার নাম ওঠেনি। মতিনের কথায়, ‘জীবনের দীর্ঘ সময় ভোটার তালিকা নির্ভুল করার কাজ করেছি। আজ নিজের নামটাই বাদ পড়ল, এর চেয়ে অপমানজনক আর কিছু হয় না।’



