বরিশাল ব্যুরো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জেলেরা জানিয়েছেন, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো: এনামুল হক জানিয়েছেন।
পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।



