রোবটের চড়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চীনের শানসিতে একটি অনুষ্ঠানে ঘুরে ঘুরে নাচছিল রোবট। দর্শকরা গোল হয়ে ঘিরে ধরে সেটির নাচ দেখছিলেন, আনন্দে হাসছিলেন, হাততালি দিচ্ছিলেন, কেউ কেউ ভিডিও করছিলেন। দর্শকদের সারিতে বড়দের পাশাপাশি শিশুরাও ছিল।

হঠাৎ রোবটটি নাচতে নাচতে দর্শকদের খুব কাছে চলে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি শিশুর গালে চড় মারার মতো করে সেটির হাত লেগে যায়।

রোবটটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত রোবটটিকে সেখান থেকে সরিয়ে নেন। যে শিশুর মুখে চড় লেগেছে, সে খুব একটা ব্যথা পেয়েছে বলে মনে হয়নি। ভিডিওতে শিশুটিকে মুখে হাত দিয়ে হাসতে দেখা যায়। আশপাশের দর্শকরাও রোবটের কাণ্ড দেখে হেসে ওঠেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ইউনিট্রি জি১ মানবাকৃতির রোবট হাত-পা ছুড়ে, ঘুরে ঘুরে নাচছে। অনেকটা ব্যালে নাচের ভঙ্গিতে।

চড় মারার পর রোবটটিকে সরিয়ে নিলেও সেটির নাচ কিন্তু বন্ধ হয়নি, দর্শকরাও তা উপভোগ করছিলেন।

এ রোবট কাণ্ডের ভিডিও অনলাইনে পোস্ট করার পর অনেকে নানা ধরনের মন্তব্য করেন। একজন লিখেছেন, কী বিপজ্জনক পারফরম্যান্স!

আরেকজন লিখেছেন, শিশুটি বুঝতে পেরেছিল যে সেটি (রোবটটি) আসছে, কিন্তু সরে যেতে পারেনি। তৃতীয় একজন মন্তব্য করেন, ধাতব বস্তুর আঘাত সত্যিই বেদনাদায়ক।