আফগানিস্তানে ভূমিকম্পে ৮ জন নিহত

Printed Edition

আলজাজিরা

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে অন্তত আটজন নিহত হয়েছেন। ইফতারের আগমুহূর্তে আঘাত হানা এ দুর্যোগে একটি ঘর ধসে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৭৭ কিলোমিটার গভীরে। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল কাবুলের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায়। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে অনুভূত এ কম্পনে আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ারসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক কারণে আফগানিস্তান ভূমিকম্প-প্রবণ এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে গড়ে ৫৬০ জন প্রাণ হারান। সাম্প্রতিক এ ভূমিকম্পের পর উদ্ধার কাজ শুরু হয়েছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।