গোপন বৈঠকের সময় ববি ছাত্রলীগের ৪ জনকে হেফাজতে নিল পুলিশ

Printed Edition

ববি প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে গোপনে বৈঠকের অভিযোগে ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকিসহ চারজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে বরিশাল শহরের রূপাতলি হাউজিংয়ের ২২ নং ওয়ার্ডের ছায়া নিকেতন নামে ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ওরফে এমএইচ তমালের ভাড়া মেসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকী ও এমএইচ তমালসহ চারজনকে থানা হেফাজতে নেয় পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এই তল্লাশি করা হয়।

জানা গেছে, রূপাতলি ২২ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমন ও তমালের বাসায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মইদুর রহমান বাকিসহ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী প্রায়ই জড়ো হতেন গোপনে বৈঠকের জন্য। শুক্রবারও তারা এসব বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বাসাটিকে ছাত্রদল নেতাকর্মীরা অবরুদ্ধ করে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে তমালের মেস তল্লাশি করে চারজনকে থানায় নিয়ে যায়।

তারা হলেন ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম খান ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মহিদুর রহমান বাকী এবং রাকিব হাসান রনি।

পাশের একটি বাসার ভাড়াটিয়া প্রত্যক্ষদর্শী সোহান বলেন, সবার চিল্লাচিল্লিতে বাসার নিচে এসে শুনছি ছাত্রলীগের কয়েকজনকে আটক করেছে। পরে বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে গেছে।

বরিশাল কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বলেন, আমরা বাসায় তল্লাশি চালিয়েছি পরে ওনাদের রেসকিউ করতে থানায় নিয়ে এসেছি।