নয়া দিগন্ত ডেস্ক
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে বিরামপুর উপজেলার মহাসড়কের চণ্ডিপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। রোববার সকাল ৬টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী হেরিটেজ সিøপার কোচ চণ্ডিপুরে এলে সেখানে দাঁড়িয়ে থাকা ভালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরো ছয়জন। নিহতদের একজন যাত্রী অপরজন গাড়ির হেলপার বলে জানা গেছে।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক কন্যাশিশু নিহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর টু কুন্দগ্রাম আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের উজিরপুরে বাস খাদে পড়ে এক নারীর প্রাণ গেছে। এ ঘটনায় তার স্বামী-মেয়েসহ আহত হয়েছেন তিনজন।
গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ও বাটাজোড়ের মাঝখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানিয়েছেন। নিহত ইতি চক্রবর্তী (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। এ দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাসের সামনের একটি চাকা নষ্ট হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে। তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।



