খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় দিদার সরদার (৪০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গত শনিবার সকালে নগরীর আড়ংঘাটা থানা এলাকার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে হত্যাকাণ্ড ঘটে। নিহত দিদার সরদার নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আড়কান্দি গ্রামের বিনু সরদারের ছেলে। গতকাল সকালে মাছের ঘেরে চুরি করার সময় স্থানীয়রা দিদার সরদারকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত লোকজনের মারধরে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আহমেদ বলেন, ঘেরে মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার নামে একজনের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরির পাঁচটি মামলা রয়েছে। তবে পুলিশে সোপর্দ না করে আইন হাতে তুলে নেয়ায় ঘটনা অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।