নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনা বাংলাদেশী তরুণী নিহত

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ বাংলাদেশী তরুণী জান্নাত নিশাত (১৯) তার ছোট বোনের জন্মদিনের জন্য কেক কিনতে গিয়েছিলেন এমন তথ্য জানিয়েছেন তার পরিবার ও ঘনিষ্ঠজনরা।

পরিবারের বন্ধু আমিন মেহেদি বলেন, নিশাতের ছোট বোন তাকে কেক কিনে আনতে বলায় সে দোকানে গিয়েছিল। কিন্তু সে ফিরে না আসায় তার ফোনের সর্বশেষ লোকেশন দেখে এক বোন তাকে খুঁজে পায়।

জানা যায়, নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি কেক কিনতে থামেন। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে উডসাইড এলাকায় ৬২তম স্ট্রিট পার হওয়ার সময় একটি বেসরকারি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলটি তার বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে ছিল।

নিশাত ম্যানহাটনের সিটি কলেজ অব নিউ ইয়র্কের শিক্ষার্থী ছিলেন। তার এই মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে আসে, বিশেষ করে তার ছোট বোনের জন্য, যার জন্মদিন এখন চিরদিনের জন্য এই দুঃখজনক ঘটনার সাথে জড়িয়ে থাকবে।