বিনোদন প্রতিবেদক
দীর্ঘ দুই যুগ পর আবারো স্টেজ শোতে পারফর্ম করতে জাপান যাচ্ছেন বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন আঁখি আলমগীর নিজেই। আগামী ১২ এপ্রিল জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম ‘লিতপিয়া পার্ক’এ অনুষ্ঠিতব্য প্রবাসী বাংলাদেশীদের প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা ২০২৬’-এ মূলত আঁখি আলমগীর সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবের প্রধান আকর্ষণ হিসেবেই আঁখি আলমগীর সঙ্গীত পরিবেশন করবেন। আঁখি আলমগীরের সাথে মিউজিসিয়ান হিসেবে থাকবেন বাপ্পী, শাকিব, উজ্জ্বল ও রানা। মূলত জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। ১২ এপ্রিল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে। দীর্ঘদিন পর জাপানে স্টেজ শো করা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আঁখি আলমগীর। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ৪ এপ্রিল আঁখি আলমগীরের কণ্ঠে নতুন একটি মৌলিক গান প্রকাশ পায়। গানের শিরোনাম ‘আমি মানে তুমি’। গানটি লিখেছেন প্লাবন কোরেশি, গানটি সুর করেছেন এবং গানটিতে আঁখি আলমগীরের সহশিল্পী বেলাল খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। জাপান ট্যুর এবং নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আজ থেকে দুই যুগ আগে অর্থাৎ ২০০২ সালের শেষপ্রান্তে প্রথম জাপানে গিয়েছিলাম একটি বিরাট বড় শোতে। সেই শোতে শ্রদ্ধেয় কুমার বিশ^জিৎ দাদা, হানিফ সংকেত ভাই, বেবী নাজনীন আপা, রবি চৌধুরী, ডলি সায়ন্তনী, মৌসুমীসহ আরো বেশ কজন ছিলেন। তখন অনেক ছোট ছিলাম। আর এবার আমিই লিড দিচ্ছি। আগামী ৮ এপ্রিল জাপানের উদ্দেশে রওয়ানা হবো ইনশাআল্লাহ। আশা করছি এবারের আয়োজন অনেক সুন্দর হবে এবং গানে গানে সবাইকে মুগ্ধ করতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ আয়োজকদের আমাকে এবং আমার টিমকে আমন্ত্রণ করার জন্য। আর বেলালের সঙ্গে এবারই প্রথম পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল। রিদমিক একটি গান, খুব সুন্দর গানটি। চন্দন বেশ যতœ করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে।



