নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য।
আহতের বন্ধু রিপন দাস জানান, শুক্রবার রাত ৯টার দিকে রাসেলসহ কয়েকজন বন্ধু নয়াবাজার পার্ক এলাকায় বসে ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাসেলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিশের ধারণা এলাকার অধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণে সুজনরা নিয়ে ঝামেলা থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আহত রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। তারা শ্যামপুরের আরসিং গেট এলাকায় বসবাস করেন।



