সাবেক এক রাষ্ট্রপতি নিকলীতে সড়ক করাতেই হাওরে জলাবদ্ধতার সৃষ্টি : ভূমিমন্ত্রী

সুনামগঞ্জে দেশের ৮ ভাগের ১ ভাগ ধান উৎপাদন হয়

Printed Edition

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের কৃষকরা দেশের আট ভাগের এক ভাগ ধান উৎপাদন করে। হাওরের কৃষকদের জমি অতি বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এখানকার মানুষ খুব কষ্ট করে।

সাবেক এক রাষ্ট্রপতির করা নিকলী সড়কের কারণেই হাওরে জলাবদ্ধতার সৃষ্টি। নতুন করে এটার সম্ভাব্যতা যাচাই করা হবে। অপরিকল্পিত সড়ক নির্মাণ করায় হাওরের জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, উল্লেখ করে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নিষ্কাশনের যে সমস্যা সৃষ্টি হয়েছে এটি বিগত সরকারের সময় থেকেই শুরু।

বিগত সরকার হাজার-হাজার কোটি টাকা নষ্ট করে হাওরের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো নির্মাণ করেছিল সেখানে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এখন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে জন্য আমরা এর সঙ্কট আবার দেখতে পাচ্ছি। কিভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায় এই ব্যবস্থা করতে হবে। গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে “সরকারি জলমহাল আইন” ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় ভূমিমন্ত্রী এ কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জলমহালগুলোর মালিক দেশের মানুষ। সুনামগঞ্জের যে সব মৎস্যজীবী ভাইয়েরা আছেন, জলমহালগুলো তাদের ভাগ্য উন্নয়নে তাদের লিজ দেয়া হয়। আমাদের সরকার চায়না কোনো ফড়িয়া দালাল আপনাদের ব্যবহার করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ৭৪ সালে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিল। এটি ছিল অযোগ্যতা এবং কিছু ব্যক্তির পরিকল্পিত। গবির জনসাধারণের খাবার বাইরের দেশে পাচার করে দিয়ে এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। বর্তমান সরকার খুবই সতর্ক। আমরা আমাদের খাদ্যের নিরাপত্তার বিষয়টি প্রথমেই গুরুত্ব দিচ্ছি।

সাগর পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১১ জন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মৃত্যুর বিষয়ে ও হাওরের বর্তমান পরিস্থিতিতে খোঁজখবর রাখছেন বলে মন্ত্রী জানান।

তিনি আরো বলেন, বিদ্যুতের কারণে যেন হাওরে ধানের উৎপাদন বাধাগ্রস্ত না হয়। কৃষকের উৎপাদন নিশ্চিতে বিদ্যুতের ব্যবস্থা সঠিক মতো রাখতে হবে। আমরা “সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই”।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাগত বক্তব্যে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, সুনামগঞ্জ-১ সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

কর্মশালায় জলমহাল ব্যস্থাপনায় নীতিমালা পরিপন্থী কাজের বিষয়ে ও চলতি নদী লীজের অনিয়মের ব্যাপারে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী নেতা মো: আনোয়ার হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।