আলজাজিরা
চাঁদের উদ্দেশ্যে যাত্রারত আর্টেমিস মিশনের চার নভোচারী পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী পথের অর্ধেক অতিক্রম করেছেন বলে জানিয়েছে নাসা। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে নাসার মিশন কন্ট্রোল থেকে নভোচারীদের জানানো হয়, তারা এখন পৃথিবীর চেয়ে চাঁদের কাছাকাছি অবস্থান করছেন।
সরাসরি সম্প্রচারেও বিষয়টি নিশ্চিত করা হয়। নভোচারী ক্রিস্টিয়ান কোচ বলেন, ‘আমরা সবাই আনন্দ অনুভব করেছি। ডকিং হ্যাচ থেকে এখন চাঁদকে দেখতে পাচ্ছি- এটি সত্যিই অসাধারণ দৃশ্য।’ নাসার তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় দুই দিন পাঁচ ঘণ্টা ২৪ মিনিট পর এই মাইলফলক অর্জিত হয়। বর্তমানে ওরিয়ন স্পেসক্রাফট পৃথিবী থেকে প্রায় দুই লাখ ১৯ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাসা জানিয়েছে, ‘আমরা এখন পথের অর্ধেকটা পেরিয়ে এসেছি।’



