দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের তরুণ অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী অভিযান শুরু করেছেন। এই যাত্রাপথের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে সাঁতরে যমুনা নদী পার হয়েছেন তিনি।
সকাল ৮টায় যমুনা নদীতে সাঁতার শুরু করেন সাকিব। নদী পাড়ি দিতে তার সময় লাগে প্রায় তিন ঘণ্টা। এর আগে গত ২ এপ্রিল ঢাকার জিরো পয়েন্ট থেকে তার এই চ্যালেঞ্জিং দৌড় শুরু হয়। বিরতিহীন এই যাত্রার সমাপ্তি হবে আগামী ৯ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে।
সাকিবের এই দুঃসাহসিক যাত্রার সার্বিক সহযোগিতা করছে দিনাজপুরের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সহিদুর রহমান পাটোয়ারী বলেন, সাকিব দিনাজপুরের গর্ব। এর আগেও সে টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতার কেটেছে, পাড়ি দিয়েছে পদ্মা ও যমুনার মতো বড় নদী। এমনকি সাইকেলে করে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণের রেকর্ডও আছে তার। দেশের বিত্তবানদের উচিত এমন প্রতিভাকে উৎসাহিত করা।’
সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পাস করেন। সাকিবের এই যাত্রা সফল হলে এটি দেশের অ্যাথলেটিকস ও দীর্ঘপথ দৌড়ের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।



