রাজাপুরে খালের মাঝখানে বাঁধ খননেও মিলছে না সুফল

Printed Edition
খালের মাঝখানে বাঁধ বর্ষায় জলাবদ্ধতা  : নয়া দিগন্ত
খালের মাঝখানে বাঁধ বর্ষায় জলাবদ্ধতা : নয়া দিগন্ত

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর সদরের টি অ্যান্ড টি সড়কসংলগ্ন খালে কালভার্ট নির্মাণ ও খনন কাজ শেষ হলেও এর সুফল পাচ্ছেন না স্থানীয়রা। খালের মাঝখানে দেয়া মাটির বাঁধ অপসারণ না হওয়া এবং আংশিক খননের কারণে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বাইপাসসংলগ্ন টি অ্যান্ড টি সড়কের ওপর কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণকাজের সুবিধার্থে খালের মাঝখানে একটি শক্ত মাটির বাঁধ দেয়া হয়েছিল। তবে কাজ শেষ হওয়ার পরও বাঁধের সামান্য অংশ সরিয়ে বাকি অংশ রেখে দেয়া হয়েছে, যা পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে।

এলাকাবাসীর অভিযোগ, বৈশাখ মাস সামনে রেখে বৃষ্টিপাত শুরু হলে খাল, নালা ও ডোবা পানিতে পূর্ণ হয়ে যাবে। তখন বাঁধটি পানির নিচে তলিয়ে গেলে তা অপসারণ করা কঠিন হয়ে পড়বে। ফলে খাল খননের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং পানি চলাচল বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এ ছাড়া, হরিমন্দিরের পূর্ব পাশ এলাকায় কিছু বাধার কারণে খালের একটি অংশ খনন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, রাজাপুর সদরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম এই খালটি কার্যকর না থাকলে সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিতে পারে। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্মকর্তা অভিজিৎ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর কাছে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তারা দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত খালের মাঝখানের বাঁধ অপসারণ এবং অবশিষ্ট অংশ খনন সম্পন্ন করে পানি প্রবাহ স্বাভাবিক করা না হলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরো বাড়বে।